মনির ফয়সাল, চট্টগ্রাম
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
কমিটিবিহীন অবস্থায় রয়েছে চট্টগ্রাম মহানগর যুবদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘ ১ বছর ৮ মাস কমিটিবিহীন অবস্থায় রয়েছে চট্টগ্রাম মহানগর যুবদল। সভাপতি ও সাধারণ সম্পাদক না থাকায় স্থবির হয়ে পড়েছে সংগঠনের কার্যক্রম।
মহানগরের পাশাপাশি থানা ও ওয়ার্ড পর্যায়েও সাংগঠনিক কর্মকাণ্ডে দেখা দিয়েছে স্থবিরতা।
সম্ভাব্য সিটি করপোরেশন নির্বাচন সামনে থাকলেও তৃণমূলে নেই প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি।
দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। এর আগে ২০১৮ সালের ১ জুন মোশাররফ হোসেন দিপ্তিকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।
পরে একই বছরের ৪ অক্টোবর কমিটির আকার বাড়িয়ে ২৩১ সদস্যে উন্নীত করা হয়। দুই বছরের জন্য গঠিত ওই কমিটি ছয় বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করে।
কমিটি বিলুপ্তির পর নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেয় কেন্দ্র। গত বছরের জানুয়ারিতে শীর্ষ দুই পদের জন্য অর্ধশতাধিক নেতা রাজনৈতিক বৃত্তান্ত জমা দেন এবং ফেব্রুয়ারিতে তাদের সাক্ষাৎকারও নেওয়া হয়। তবে এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি।
এদিকে গত ৪ জুন আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু মহানগর কমিটি না হওয়ায় হতাশা কাটছে না তৃণমূল নেতাকর্মীদের মধ্যে।
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার পর জেলা ও মহানগর কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে শিগগির আলোচনা করা হবে।
তৃণমূলের অভিযোগ, কমিটি না থাকায় কেন্দ্রীয় ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ কমে গেছে। সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা জরুরি হলেও সে কার্যক্রমে গতি নেই।
নতুন কমিটির শীর্ষ পদে আলোচনায় রয়েছেন বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচএম রাশেদ খান, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সাবেক সহসভাপতি শাহেদ আকবর ও ফজলুল হক সুমন, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদসহ আরও কয়েকজন।
চট্টগ্রাম মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তি বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনে গতিশীলতা আসুক এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হোক।