চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
গ্রাম আদালতই হতে পারে সরকারি সেবার মানোন্নয়ন ও জনপ্রত্যাশা পূরণে আস্থা
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সাধারণ মানুষের আস্থা অর্জনে গ্রাম আদালতই হতে পারে সরকারি সেবার মানোন্নয়ন ও জনপ্রত্যাশা পূরণে আস্থা। জনগণ যাতে সহজে, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পায়, তা নিশ্চিত করা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অন্যতম দায়িত্ব। গ্রাম আদালত হতে পারে সেই আস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।
নগরীর পিটিআই সম্মেলন কক্ষে মঙ্গলবার
(০৯ জুন) অনুষ্ঠিত ‘গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয়’ শীর্ষক জেলা পর্যায়ের
অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ
জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প’-এর আওতায় চট্টগ্রাম জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে চট্টগ্রামের ১৫টি উপজেলার ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
জেলা প্রশাসক বলেন, দেশে বর্তমানে প্রায় ৫০ লাখ মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করা গেলে আদালতের ওপর চাপ কমবে এবং সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পাবে। এ ক্ষেত্রে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, অনেক সমস্যা স্থানীয় পর্যায়েই সমাধান করা সম্ভব। দায়িত্বশীলতা ও আন্তরিকতার
সঙ্গে কাজ করলে মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাবে। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের
আত্মসমালোচনার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের
উপ-পরিচালক (উপ-সচিব) গোলাম মোহাম্মদ মইনুদ্দিন বলেন, গ্রাম আদালতের সেবা মানুষের দোরগোড়ায়
পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের আরও সেবামুখী হতে হবে। পাশাপাশি গ্রাম আদালত সম্পর্কে
জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনা
করে যেসব ইউনিয়নে মামলার সংখ্যা কম, সেখানে সচেতনতা বৃদ্ধি ও কার্যক্রম আরও সক্রিয়
করার নির্দেশনা দেওয়া হয়।