ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ৫০ মিনিট আগে
আপডেট : ২৬ মিনিট আগে
চাঁদপুরের বালুবাহী ট্রাকের ধাক্কায় আল আমিন মজুমদার (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জের ভাটিয়ালপুর চৌরাস্তা
এলাকায় মঙ্গলবার (৯ জুন) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন মজুমদার উপজেলার
গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের আমিনুল হক মজুমদারের ছেলে।
আল আমিন পেশায় একজন রেন্ট-এ কার ব্যবসায়ী
ছিলেন এবং নিজেও ড্রাইভিং করে যাত্রী আনা-নেওয়া করতেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মোটরসাইকেল
নিয়ে ব্যক্তিগত কাজে উপজেলা সদরে যান আল আমিন। কাজ শেষে বাড়ি ফেরার পথে ভাটিয়ালপুর
চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাক তাকে
ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত
তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ হাসপাতাল
মর্গে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। একইসঙ্গে ঘাতক ট্রাকটি আটক করে
থানায় নিয়ে যায়।
আল আমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজন ও এলাকাবাসীর ভিড় জমে। শোকাবহ পরিবেশের সৃষ্টি
হয়। জানা গেছে, তার তিন বছর বয়সি একটি পুত্রসন্তান রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ
মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায়
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।