কুমিল্লা অফিস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
কুমিল্লার মুরাদনগরে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (৪৬) নামের একজনের মৃত্যু হয়েছে।
উপজেলার দারোরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকারপাড়া এলাকার একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাসেল মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার কোনাগাঁও গ্রামের আবু সাদেকের ছেলে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের ভাষ্য, রবিবার রাতে কয়েকজন বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফর্মার চুরির চেষ্টা করেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে রাসেল মিয়া খুঁটির নিচে পড়ে যান। পরদিন সকালে স্থানীয় লোকজন খুঁটির নিচে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মুরাদনগর থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানা থেকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে”।