কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর করে থ্রি-হুইলার চালকদের একটি সংঘবদ্ধ দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
উপজেলার নিমসার সবজি বাজার এলাকায় মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে থ্রি-হুইলার চালকদের একটি সংঘবদ্ধ দল এ ঘটনায় ঘটায়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করেন। এতে ক্ষুব্ধ হয়ে থ্রি-হুইলার চালকদের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা হাইওয়ে পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালায়।
ওসি আবদুল মমিন জানান, অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি বলেন, “হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”