× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে পানি সরবরাহ বন্ধ, ভোগান্তিতে ৩ শতাধিক পরিবার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

ভূলতা পানি সংরক্ষণ জলাধার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভূলতা পানি সংরক্ষণ জলাধার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি পানি সরবরাহ প্রকল্প চার মাস ধরে বন্ধ রয়েছে। এতে তীব্র পানির সংকটে ভুগছে তিন শতাধিক পরিবার। কেউ দোকান থেকে কিনছেন, কেউ বা পাশের গ্রামে গিয়ে পানি এনে চাহিদা মেটানোর চেষ্টা করছেন। গোসল করতে যেতে হচ্ছে বাড়ি সংলগ্ন দীঘিতে। নোংরা পানিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। অনেকে অসুস্থ থাকলেও টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। এমন অবস্থায় দ্রুত পানির লাইন চালু করার দাবি জানিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

দুই সপ্তাহের মধ্যে পানি সরবরাহ চালু হবে বলে আশ্বস্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

জানা গেছে, রূপগঞ্জ উপজেলার ভুলতা ও মর্তুজাবাদ এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকার মানুষের পানির চাহিদা মেটানোর লক্ষ্যে জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প হাতে নেওয়া হয়।

২০২১-২২ অর্থবছরে প্রায় এক লাখ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন পাইপ ওয়াটার সাপ্লাই স্ক্রিম নামের প্রকল্পটি ২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজটি সমাপ্ত করা হয়। পরে দুই বছরের চুক্তি অনুযায়ী হাবিব এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ওই এলাকার প্রায় ৩ শতাধিক পরিবারকে নতুন সংযোগ দিয়ে পানি সরবরাহ শুরু করে। চুক্তি অনুযায়ী, দুই বছর পার হওয়ার পর প্রতিষ্ঠানটি পানি সরবরাহ বন্ধ করে দেয়। এরপর থেকে গত চার মাস ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। 

স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকল্প হলেও প্রতি পরিবার একটি সংযোগের জন্য স্থানীয় ইউপি সদস্য সুমন মিয়াকে ৩ হাজার টাকা করে দিয়েছেন। এছাড়া প্রতিমাসে বিদ্যুৎ বিল বাবদ আরও ৫০০ টাকা করে দিয়েছেন। তারপরেও পানি সরবরাহ না হচ্ছে না।

মর্তুজাবাদ এলাকার লিটন মিয়া বলেন, যাদের টাকা আছে তারা গভীর নলকূপ স্থাপন করে পানির চাহিদা মেটাচ্ছেন। আমাদের মতো যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত রয়েছে তারা পানি সংকটে পড়ে চরম ভোগান দিতে রয়েছি। অন্যদের কাছ থেকে পানি সংগ্রহ করে চলতে অনেক কষ্ট হচ্ছে। অনেকে অধিক টাকা দিয়ে পানি কিনছেন। তারপরও লাইন ধরে পানি নিতে হচ্ছে। অনেকে পানি দিতে চাচ্ছে না। এমত অবস্থায় সরকারিভাবে স্থাপিত প্রকল্পটি দ্রুত চালু করার দাবি জানাই। 

ভূলতা এলাকার ময়না বেগম বলেন, খাবার পানি সংগ্রহ করা যাচ্ছে কিন্তু গোসল এবং অন্যান্য কাজে ব্যবহার করার জন্য পানি পাচ্ছি না। অনেকেই দিঘী থেকে পানি সংগ্রহ করে বিভিন্ন কাজে ব্যবহার করছে। আর এ পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় মানুষ অসুস্থ হয়ে পড়ছে।

মর্তুজাবাদ এলাকার গার্মেন্টস শ্রমিক সোহেল মিয়া বলেন, সবচেয়ে বেশি কষ্ট আমাদের। আমাদের মতো শ্রমিকদের সময় মতো কাজে যোগদান করতে হয় এবং সময়মতো খানাদানা কাপড় ধোয়া ও গোসলসহ অন্যান্য কাজকর্ম করতে হয়। সরকারি প্রকল্পের পানি বন্ধ হওয়ার পর থেকে আমরা অতি কষ্টে দিন যাপন করছি। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই এলাকায় সরকারি পানি ছাড়া আর কোনও উপায় নেই। তাই দ্রুত পানি সরবরাহের জন্য সরকারের কাছে আবেদন জানাই।

রূপগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুকিত আল মাহমুদ বলেন,  সমগ্র দেশে নিরাপদ পানির সরবরাহের প্রকল্পের আওতায় এই প্রকল্পটি রয়েছে। ইতিমধ্যে এটির কাজ সম্পন্ন হয়েছে। দুই বছর ঠিকাদার হাবিব এন্টারপ্রাইজের মাধ্যমে পরিচালনা করা হয়। এখন এই প্রকল্পটি আমাদের ইউনিয়ন পরিষদের কাছে বুঝিয়ে দেব। এই হ্যান্ডওভার প্রসেসটি করতে দেরি হচ্ছে, দ্রুতই এর সমাধানের দিকে যাব।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয় বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে ভুলতাতে এই প্রকল্পটি করা হয়েছে। ৩০০ পরিবারের জন্য একটি এক লক্ষ লিটারের ওয়াটার সাপ্লাই সিস্টেম তৈরি করা হয়েছে। এট এখনও ইউনিয়ন পরিষদকে হ্যান্ডওভার করা হয়নি। এটি চার মাস যাবৎ বন্ধ রয়েছে। আমরা ১৫ দিনের মধ্যে একটি চালু করার চেষ্টা করছি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা