সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের সখীপুরে থেমে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টাঙ্গাইলের সখীপুরে থেমে থাকা বাঁশভর্তি ট্রাকের পেছনে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা জেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)। সুমন ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, কালিয়া বাজার সংলগ্ন ঘোনারচালা এলাকায় একটি ট্রাকে বাঁশ ভর্তি করা হচ্ছিল। এ সময় সাগরদিঘী থেকে আসা দ্রুতগতির একটি মুরগিবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং বাঁশভর্তি ট্রাকে থাকা একজন গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানা পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।