গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে সোমবার সকালে অবরোধের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়। প্রবা ফটো
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে সোমবার (৮ জুন) সকালে অবরোধ সৃষ্টি করলে সড়কে যান চলাচল ব্যাহত হয় ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে। এর ফলে উপজেলার বিভিন্ন সড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনসহ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের কলেজের এইচএসসি পরীক্ষা টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ওই কেন্দ্রের কিছু শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সময় আপত্তিকর ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে দাবি করে শিক্ষার্থীরা। এ কারণে ওই কেন্দ্রে পরীক্ষা দিতে অনাগ্রহ প্রকাশ করে কেন্দ্র পরিবর্তনের দাবি জানান শিক্ষার্থীরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার বলেন, ‘আগামী মাসেই এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। তাই এ মুহূর্তে কেন্দ্র পরিবর্তন করা কিছুটা জটিল। তবে শিক্ষার্থীরা যে আশঙ্কার কথা জানিয়েছে, সেসব বিষয়ে প্রশাসন সতর্ক থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’