আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের উত্তর রামশালা গ্রামে সোমবার (০৮ জুন) শারমিন নাহার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শারমিন নাহার ওই গ্রামের কৃষক
শামীম হোসেনের স্ত্রী। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার মঙ্গলপুর গ্রামের আনোয়ার হোসেনের
মেয়ে।
স্থানীয়রা জানান, রবিবার রাতে বাড়িতে
দেরিতে ফেরাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুজন নিজেদের
শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে পাশের কক্ষে রান্নাঘরে শারমিনকে গলায় ফাঁস দেওয়া
অবস্থায় দেখতে পান তার স্বামী। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ নিচে নামিয়ে
পুলিশকে খবর দেন।
নিহতের স্বামী শামীম হোসেন বলেন, রাতে
বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলে বাড়ি ফিরতে কিছুটা দেরি হয়েছিল। এ নিয়ে স্ত্রীর সঙ্গে
তার কথাকাটাকাটি হয়। পরে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে উঠে রান্নাঘরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায়
দেখতে পান।
সোনামুখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান
সোলায়মান আলী সরদার বলেন, তাদের জানামতে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। স্বামী-স্ত্রীর
মধ্যে বড় ধরনের কোনো বিরোধ ছিল বলে তিনি শুনেননি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক
পর্যবেক্ষণে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক কলহের জেরে আত্মহত্যার
ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।