নলছিটি (ঝালকাঠি) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
নলছিটি উপজেলা পরিষদ সংলগ্ন দপদপিয়া সড়কের পাশে রবিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
নলছিটি উপজেলা পরিষদ সংলগ্ন নলছিটি দপদপিয়া সড়কের পাশে রবিবার (৭ জুন) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তীসহ ভুক্তভোগীরা। মানববন্ধন শেষে বাসদ নেত্রী ডা. মনিষা চক্রবর্তীর নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, খয়রাবাদ নদীর ভাঙনে নদী তীরের মানুষ সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের ঘরবাড়ি, কৃষিজমি সবকিছু নদী কেড়ে নিয়েছে। বর্ষা মৌসুমে এই ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে। অতিদ্রুত ভাঙন রোধে পদক্ষেপ না নিলে আরও শত শত মানুষ গৃহহীন হবে।
এ সময় আরও বক্তব্য রাখেনÑ দপদপিয়া ইউনিয়ন নদীভাঙন প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. রমজান আকন হৃদয়, আহ্বায়ক ফরিদ আহমদ, স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রিড়া সম্পাদক গাজী বেলাল হোসেন, বাসদ বরিশাল জেলার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট বাকেরগঞ্জ উপজেলার উপদেষ্টা আমিনুর রহমান, স্থানীয় ভুক্তভোগী রহিমা বেগম, রানী বেগম, হৃদয়, হেনারা বেগম প্রমুখ।