নেত্রকোণা সংবাদদাতা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৭:৫৮ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ১৮:৪২ পিএম
নেত্রকোণার দুর্গাপুরে টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সাত দিনব্যাপী মণি সিংহ মেলার উদ্বোধন করা হয়েছে। ছবি : প্রবা
নেত্রকোণার দুর্গাপুরে টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সাত দিনব্যাপী মণি সিংহ মেলা শুরু হয়েছে।
জাতীয় পতাকা ও কমিউনিস্ট পার্টির দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সংগীতের সুরে শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।
মণি সিংহ মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ দুর্গাপ্রসাদ তেওয়ারীসহ কমিউনিস্ট পার্টির নেতারা এ মেলার উদ্বোধন করেন।
দুর্গাপ্রসাদ তেওয়ারী জানান, মেলা উপলক্ষে প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠানমালা রয়েছে। এর মধ্যে কমরেড মণি সিংহের জীবন ও কর্মের ওপর আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক ও স্থানীয় বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের পক্ষ থেকে মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে কমরেড মণি সিংহ স্মরণে একটি শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সিপিবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, মণি সিংহের একমাত্র সন্তান ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত, উপজেলা আওয়ামী লীগের সাবেকসহ সভাপতি আলী আসগর, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, পৌর যুবলীগের সভাপতি নজরুল মড়ল, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপক সরকার, সদস্য শামছুল আলম খান, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।