ঝিনাইদহে কোটচাঁদপুরে রবিবার সকাল ৬টার দিকে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহে কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের পুরো রেল যোগাযোগ বন্ধ হয়েছে পড়েছে।
পাশাপাশি আংশিকভাবে ঢাকার সঙ্গেও রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় রবিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
যশোর জংশনের স্টেশন মাস্টার আইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন ।
স্টেশন মাস্টার আইনুল হাসান জানান, ট্রেনটি খুলনা থেকে তেল নিয়ে পার্বতীপুরে যাচ্ছিল। পথে সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে।
এর ফলে খুলনার সঙ্গে উত্তরের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
তিনি আরও বলেন, উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
দুপুর ১২টার মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
রেজাউল ইসলাম নামের এক যাত্রী বলেন, আমি রাজশাহী যাওয়ার জন্য সাফদারপুর স্টেশনে এসেছিলাম। স্টেশনে এসে দেখি ট্রেন বন্ধ রয়েছে। এখন কীভাবে গন্তব্যে পৌঁছাব তা নিয়ে দুশ্চিন্তায় আছি।