× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

শনিবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশইনের জড়ো করা নারী-পুরুষ ও শিশুকে সরিয়ে নিয়েছে বিএসএফ। প্রবা ফটো

শনিবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশইনের জড়ো করা নারী-পুরুষ ও শিশুকে সরিয়ে নিয়েছে বিএসএফ। প্রবা ফটো

বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশইনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৬ জুন) মেহেরপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর ও শেরপুরে ৫টি সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় তারা।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা প্রবল বিক্রমে তাদের সেই প্রচেষ্টা রুখে দিয়েছে। এসব ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বিজিবিও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পুশইনের খবরে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। এদিকে হরিপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরেÑ

মেহেরপুর : গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয় এবং পুরো এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রতিরোধ করেছে। জাতীয় স্বার্থ ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

লালমনিরহাট ও পাটগ্রাম : পাটগ্রাম সীমান্তে শনিবার বিকালে এক মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। ঘটনার পর সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফের টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এদিকে লালমনিরহাটের তিনটি সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টার পর হাতীবান্ধা ও আদিতমারী সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ভারতীয় অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী সীমান্তে অবস্থান করা কয়েকজন ব্যক্তি এখনও শূন্যরেখা সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছেন। এ অবস্থায় সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের সার্চলাইট বন্ধ করে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। একই সময়ে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া-বুড়ারডুবী সীমান্তের ৮৮৬ নম্বর মেইন পিলার সংলগ্ন শূন্যরেখায় অবস্থানরত ১১ জনকে নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ। এর আগে শুক্রবার সকালে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীন বড়খাতা বিওপি এলাকায় ১১ জন এবং পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী বিওপি এলাকায় ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

ঠাকুরগাঁও : হরিপুর সীমান্ত দিয়ে শুক্রবার গভীর রাতে শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা বিজিবির সতর্কতা ও কঠোর নজরদারিতে ব্যর্থ হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এদিকে ওই সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে কাকরমনি বিএসএফ ক্যাম্পের সদস্যদের হাতে দুই বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বলে জানা যায়। আটকরা হলেনÑ হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের মো. সুবাহান আলীর ছেলে মো. আলিমুল ইসলাম (৪৬) ও কাদিরসুখা গ্রামের কুরবান আলীর ছেলে মো. করিম (৩৪)। ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) হাবিলদার (আইপি) এনসিও মো. খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুর : হিলি সীমান্ত দিয়ে ৫ ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি সদস্যদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। শনিবার ভোরে হিলির ঘাসুড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

শেরপুর : ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) তৎপরতায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ৫-৬ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত হয়েছে। শনিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা