নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নামে বেশ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ সচল রয়েছে। এসবের কোনোটিই আইভী পরিচালনা করেন না, এমনকি কখনও তিনি ফেসবুকে অ্যাকাউন্টই খোলেননি বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
সম্প্রতি আইভীর কারামুক্তির পর এসব অ্যাকাউন্ট ও পেজের কর্মকাণ্ড বেড়ে গেছে। এসব প্লাটফর্ম থেকে বিভিন্ন রাজনৈতিক পোস্ট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জামিনে থাকা আইভীকে আইনি জটিলতায় ফেলার শঙ্কাও করছেন পরিবারের সদস্যরা।
ফেসবুক ঘেঁটে দেখা গেছে, বাংলা ও ইংরেজি বর্ণে সেলিনা হায়াৎ আইভীর নামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট ও পেজ সক্রিয় রয়েছে। খুঁজে পাওয়া অন্তত ১৫টি অ্যাকাউন্ট ও পেজের মধ্যে একটি মেটা ভেরিফায়েড। ডিজিটাল ইতিহাস খুঁজে দেখা যায়, এটি সম্প্রতি ভেরিফায়েড করা হয়েছে। এ পেজের ফলোয়ার সংখ্যা প্রায় ১ লাখ ৩৩ হাজার। একই নামে কিছু ফেসবুক কমিউনিটিও (গ্রুপ) পাওয়া গেছে। এসব অ্যাকাউন্ট ও পেজের বেশিরভাগ আবার গত বছরের ৯ মে আইভীর গ্রেপ্তারের পর চালু করা হয়েছে। সম্প্রতি এগুলো আরও সক্রিয় হয়েছে।
সাবেক নাসিক মেয়র আইভী জানান, তার কোনো ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট নেই এবং তিনি কখনও ফেসবুক ব্যবহারও করেননি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব ভুয়া অ্যাকাউন্ট, পেজ বা গ্রুপ থেকে যদি প্রচলিত আইনবিরোধী কোনো কার্যক্রম করা হয় কিংবা উস্কানিমূলক কোনো বার্তা প্রচার করা হয়, তার দায় কোনোভাবেই সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নয়।