শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে মোবাইলে টাকা রিচার্জ করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাচিলাপুর বাজারে এ ঘটনা ঘটে।
উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল ও দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দারিয়াপুর গ্রামের শহীব শেখ, তারাউজিয়াল গ্রামের প্রবল ও শাহজাহান নামে ৩ জন মারাত্মক আহত হয়েছেন। আহতরা বর্তমানে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ছাড়া সাচিলাপুর বাজারে হৃদয় টেলিকম, মেঘা সুইটস অ্যান্ড কনফেশনারি মিষ্টান্ন ভান্ডার ও আলম মোল্যার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সাচিলাপুর বাজারে হৃদয় টেলিকমে দারিয়াপুর গ্রামের শাহীব শেখ মোবাইলে টাকা রিচার্জ করতে যান। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক তারাউজিয়াল গ্রামের প্রবল ভুলক্রমে রিচার্জের টাকায় মিনিট ঢুকিয়ে দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় মুহূর্তেই সাচিলাপুর বাজার এলাকায় শুরু হয় বিশৃঙ্খলা।
শনিবার (৬ জুন) সকালে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ সুপার আল নাহিয়ান, শ্রীপুর থানার ওসি ওলি মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা প্রমুখ উপস্থিত হয়ে দুপক্ষের মধ্যে বিরাজমান সমস্যার সমাধান করেন।
শ্রীপুর থানার ওসি ওলি মিয়া বলেন, স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে দুই গ্রামের মধ্যে বিরাজমান সমস্যা সমাধা করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।