অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার পিলখানার বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে অসুস্থ বিজিবি সদস্য হাবিলদার মো. এলাহান মিয়াকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর করা হয়। ছবি: বিজিবি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।
চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি জানিয়েছে, বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) শুক্রবার দুপুরে কান্তালং বিওপি থেকে লিংক টহলে অংশ নিয়ে চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ তার বাম হাত ও বাম পায়ে তীব্র ব্যথা এবং অবশভাব দেখা দেয়।
ঘটনার পরপরই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার পিলখানার বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণের পর ‘লেফট-সাইডেড হেমিপেরেসিস’ এর উপসর্গ পেলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজিবি জানায়, দুর্গম পার্বত্য সীমান্তে কর্মরত সদস্যের জীবন ও সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে এয়ার ইভাকুয়েশনের ব্যবস্থা করা হয়। অপারেশন ও চিকিৎসা শাখার সমন্বয়ে বিজিবির একটি হেলিকপ্টার দ্রুত মোতায়েন করা হয়। পরে দুপুর ২টা ৩৬ মিনিটে চিম্বুলুই বিওপি থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে অবতরণ করে।
বর্তমানে হাবিলদার এলাহান মিয়া চট্টগ্রাম সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্য বাহিনীর জন্য অত্যন্ত মূল্যবান। দায়িত্ব পালনকালে কোনো সদস্য অসুস্থ বা আহত হলে তার জীবনরক্ষা ও সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। সদস্যদের কল্যাণ, নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিজিবি সবসময় মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
এছাড়া দুর্গম সীমান্ত অঞ্চলেও যাতে কোনো সদস্য উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে আধুনিক চিকিৎসা সহায়তা ও জরুরি উদ্ধার ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে অসুস্থ বিজিবি সদস্যকে সেনাবাহিনী পরিচালিত চট্টগ্রাম সিএমএইচে উন্নত চিকিৎসার আওতায় আনা হয়েছে।