রংপুর অফিস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেছেন, দেশের কর্মজীবীদের জন্য কাজ করছে বাউবি। তাদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতরা তাদের স্ব-স্ব ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের সম্পদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। এতে করে তাদের জীবনমানের উন্নয়ন হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুন) দুপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রংপুর আঞ্চলিক কেন্দ্রে বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী, উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান ও বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপাচার্য অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
বাউবির অধীনে দেড় হাজার স্টাডি সেন্টার, ১৬১ জন নিজস্ব শিক্ষক, ২৩ হাজার ১৫০ জন শিক্ষক রয়েছে। ৫৫টি প্রোগ্রামে প্রায় ৩ লাখ শিক্ষার্থী বাউবিতে অধ্যয়ন করছে। এ ছাড়া দেশের বাইরে দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ইতালিসহ ৭টি দেশেও বাউবির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।