চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
বিজিবি-৬ ব্যাটালিয়নের ব্যারাক। ফাইল ছবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ব্যারাক থেকে আজিজুর রহমান নামের এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজিবি-৬ ব্যাটালিয়নের ব্যারাকের একটি ফাঁকা রুমে দেয়ালের হুকে ঝুলন্ত অবস্থায় শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
আজিজুর রহমান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নে একজন নায়েক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার নিত্যনন্দাপুর গ্রামে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ওই সদস্যের মরদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পুলিশকে খবর দেয়া হয়েছে, তারা ঘটনাস্থলে এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আজিজুল রহমান নামের এক বিজিবি সদস্যের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।