হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ৩৩ মিনিট আগে
সীমান্তবাসীকে সচেতন করতে মাইকিং করছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার দুপুরে তাদেরকে পুশইন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনস্থ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১১৮-এর নিটকবর্তী এবং সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৪০০ গজ ভারতের অভ্যন্তরে ২২ বিএসএফের বাবুরাম বিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া নামক স্থানে ৫ থেকে ৬ জনকে ভারতের মেঘালয় থেকে ধরে নিয়ে আসা হয়।
এরপর শুক্রবার জুম্মার নামাজের সময় কাঁটাতারবিহীন সীমান্ত এলাকা দিয়ে তাদেরকে মানবপাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে পুশইনের জন্য চেষ্টা চলছিল বলে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে বিজিবি। এ সময় বিজিবি এবং স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় এই অপপ্রয়াস প্রতিরোধ করা হয়।
বিজিবি আরও জানায়, পুশইন ঠেকাতে সব বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং পুশইন সম্ভাব্য এলাকায় ২৪ ঘণ্টা বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, “সীমান্ত এলাকার গ্রামবাসীকে এ বিষয়ে জনসচেতনতামূলক সভার মাধ্যমে সচেতন করা হচ্ছে। এছাড়া সোর্স নিয়োগের মাধ্যমে বাংলাদেশি দালালদের পরিচয় নিশ্চিত করে গ্রেপ্তার প্রচেষ্টা চলমান রয়েছে”।