বগুড়া অফিস
প্রকাশ : ৬ ঘণ্টা আগে
আপডেট : ৫ ঘণ্টা আগে
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি করেছে বগুড়া সিটি করপোরেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি করেছে বগুড়া সিটি করপোরেশন।
শহরের সাতমাথা এলাকায় শনিবার সকাল সাড়ে ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন কর্মসূচির উদ্বোধন করেন। পরে একটি সচেতনতামূলক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি সাতমাথা থেকে শুরু হয়ে কাঠালতলা, নবাববাড়ি ও জলেশ্বরীতলা এলাকা প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয়। কর্মসূচির উদ্দেশ্য ছিল ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
উদ্বোধনী অনুষ্ঠানে এম আর ইসলাম স্বাধীন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফুলের টব, ড্রাম, বালতি ও পরিত্যক্ত টায়ারে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি বাড়ির ছাদ ও কার্নিশে কোথাও পানি জমেছে কি না, তা নিয়মিত খেয়াল রাখতে হবে”।
তিনি আরও বলেন, “প্রতি সপ্তাহে অন্তত একবার ঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে”।
র্যালিতে শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।