চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
ছবি-সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন জেলার বরুরা উপজেলার মইশাই গ্রামের আবদুল্লাহ'র ছেলে মোটরস এন্ড ফার্নিচার ব্যবসায়ী সানাউল্লাহ (৩৩) এবং তার দোকানের কর্মচারী মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামের রবিউলের ছেলে অন্তর (২৬)।
শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের মামা মাওলানা মুফতি মাযহারুল ইসলাম জানান আমার ভাগিনা সানাউল্লাহ দোকানের কর্মচারী অন্তরকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম থেকে বরুড়া যাওয়ার পথে চৌদ্দগ্রাম এলাকা মহাসড়কে যাত্রীবাহী গাড়ির পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজনে নিহত হয়েছেন। খবর পেয়ে লাশ নেওয়ার জন্য আমি চৌদ্দগ্রাম মিয়া বাজার ফাড়ি থানায় আসছি।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়েটি নিশ্চিত করে বলেন, সকালে দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘মদিনা পরিবহন’-এর একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যান।
তিনি আরও বলেন, 'পরিচয় শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।'