সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৬ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশক নিধন কার্যক্রম জোরদার করতে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ অংশ নেন। র্যালিটি
উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এর আশপাশের এলাকায়
জমে থাকা আবর্জনা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময়
উপস্থিত ব্যক্তিরা ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব সম্পর্কে স্থানীয়দের
সচেতন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) আসিফ আল জিন্নাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান এবং পৌর
বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আসিফ আল জিন্নাত বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী
পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের
পাশাপাশি জনগণকেও নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে দায়িত্বশীল
ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই
ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।