× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণদের গ্রাস করছে মাদক বাড়ছে চুরি-ছিনতাই

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

তরুণদের গ্রাস করছে মাদক বাড়ছে চুরি-ছিনতাই

কিশোরগঞ্জ জেলা শহর ও আশপাশের এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণদের একটি অংশ গাঁজা ও বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়ছে।

এর ফলে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি বাড়ছে চুরি, ছিনতাই ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। শহরের বিভিন্ন অলিগলি, সড়কের মোড়, নির্জন স্থান ও খোলা মাঠে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত তরুণদের আড্ডা চোখে পড়ে। স্থানীয়দের দাবি, এসব আড্ডার একটি অংশ মাদকসেবনের আসরে পরিণত হয়। ফলে সাধারণ মানুষ বিশেষ করে নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বাসিন্দাদের অভিযোগ, নেশার টাকা জোগাড় করতে মাদকাসক্তদের একটি অংশ চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। শহরের বিভিন্ন মহল্লায় প্রায় প্রতিরাতেই বৈদ্যুতিক লাইন, ডিশ সংযোগের কেবল, ইন্টারনেট লাইন এবং সিসি ক্যামেরার তার চুরির ঘটনা ঘটছে। এতে একদিকে আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়ছে।

মাদকাসক্ত ও চোররা গতকাল ভোরে ফজরের নামাজের পর কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদের বিদ্যুতিক লাইনের সমুদয় তার চুরি করে নিয়ে যায়। জুমার নামাজের পর বিষয়টি মুসুল্লিরা জানতে পেরে হতবক হয়ে যান। এ সময় একাধিক মুসুল্লি অভিযোগ করেন মাদকাসক্তরা তাদের বাসার বৈদ্যুতিক তারও কয়েক দফায় চুরি হয়েছে।

শহরের বত্রিশ, পশ্চিম তারাপাশা, নগুয়া, বৌলাই ও শোলাকিয়া এলাকার একাধিক বাসিন্দা জানান, রাত গভীর হলেই কিছু যুবকের বেপরোয়া চলাফেরা, উচ্চ শব্দে হৈ-হুল্লোড় এবং সন্দেহজনক আড্ডা জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে।

জনৈক অভিভাবক বলেন, আমরা সন্তানদের নিয়ে উদ্বিগ্ন। খারাপ সঙ্গ আর সহজলভ্য মাদকের কারণে অনেক তরুণ বিপথগামী হচ্ছে। পরিবার ও সমাজকে এখন আরও বেশি সচেতন হতে হবে।

মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন বলেন, ‘মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তরুণ প্রজন্মকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি নৈতিক ও সামাজিক শিক্ষার ওপর গুরুত্ব বাড়াতে হবে। তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগও জরুরি।’

সমাজসেবক, আইনজীবী ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য আবুল কাসেম বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে এককভাবে এই সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে। একই সঙ্গে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা বাড়াতে হবে। তরুণদের জন্য কর্মসংস্থান ও ইতিবাচক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করা গেলে মাদকের প্রতি ঝোঁক অনেকটাই কমে আসবে।’

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভুঁইয়া বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। তবে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়; সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। কেউ মাদক ব্যবসা বা অপরাধ সংক্রান্ত তথ্য দিলে তার পরিচয় গোপন রেখে ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পরিচালিত বিভিন্ন অভিযানে শতাধিক মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। এরপরও মাদকের বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ রয়ে গেছে।

এদিকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তাদের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা