প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৬ ঘণ্টা আগে
মহেশপুর বাগাডাঙ্গা মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াত নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন উপজেলা বিএনপির নেতা কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
উপজেলার বাঘাডাঙ্গা মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদানকারীদের মধ্যে জামায়াতের শতাধিক নারী কর্মীও রয়েছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
অনুষ্ঠানে যোগদানকারীরা উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনির হাতে ফুল দিয়ে দলে অন্তর্ভুক্ত হন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপি'র সভাপতি আমিনুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি বলেন, “বিএনপির গণমুখী রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। এতে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে”।
সদ্য বিএনপিতে যোগদানকারী একজন বলেন, “দীর্ঘদিন অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বিএনপির কার্যক্রম ও নেতৃত্বে আস্থা রেখে আমরা একসঙ্গে দলে যোগ দিয়েছি। ভবিষ্যতে দলের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেব”।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।