আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ১ ঘণ্টা আগে
বগুড়ার আদমদীঘির সান্তাহারে টাকা চেয়ে না পাওয়ার ক্ষোভে চলন্ত মোটরসাইকেলে হামলা চালিয়ে সার্জিক্যাল ব্লেড দিয়ে সুব্রত মহোন্ত (৪০) নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেলেও শরীরের বিভিন্ন স্থানে ১৭২টি সেলাই দিতে হয়েছে জানায় স্বজনরা।
এ ঘটনায় মঙ্গলবার (২ জুন) আদমদীঘি থানায় আহতের মা অঞ্জলী রানী বাদী হয়ে প্রতিবেশী মিঠু সরকার ও প্রসেঞ্জিৎ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ী এলাকার বাসিন্দা সুব্রত মহোন্তের হবির মোড়ে একটি ওয়ার্কশপ রয়েছে। অভিযুক্ত মিঠু সরকার ও প্রসেঞ্জিৎ সরকার তার প্রতিবেশী। বিভিন্ন সময় তারা সুব্রতের কাছে আর্থিক সহায়তা চাইতেন। গত সোমবার সান্তাহার পুরাতন বাজারে সুব্রতের সঙ্গে মিঠু সরকারের দেখা হলে তিনি ৫০০ টাকা চান। সুব্রত টাকা না থাকায় দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষুব্ধ হয়ে মিঠু তার মোটরসাইকেলের পুরো সিট সার্জিক্যাল ব্লেড দিয়ে কেটে ফেলেন। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও বাগ্বিতণ্ডা হয়।
পরদিন মঙ্গলবার সকালে ওয়ার্কশপে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সুব্রত। অভিযোগ অনুযায়ী, বাড়ি থেকে অল্প দূরে যেতেই প্রসেঞ্জিতের নির্দেশে মিঠু চলন্ত মোটরসাইকেলে থাকা সুব্রতের ওপর সার্জিক্যাল ব্লেড দিয়ে এলোপাতাড়ি হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শরীরের বিভিন্ন স্থানে ১৭২টি সেলাই দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা নিলিমা বলেন, মিঠু ও প্রসেঞ্জিতের অত্যাচার এলাকায় বেড়ে গেছে। মিঠু নানা অপকর্মের সঙ্গে জড়িত।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ হোসেন বলেন, ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।