দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
বগুড়ার দুপচাঁচিয়া থানা-পুলিশ বৃহস্পতিবার (৪ জুন) রাতে ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে।
আটকরা হলেনÑ দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলী প্রামাণিকের ছেলে সোহেল (২৮), পার্শ্ববর্তী কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত নাজির উদ্দিন প্রামাণিকের ছেলে ইমরান হোসেন প্রামাণিক (৩০), একই উপজেলার চাঁনপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাব্বি হাসান (২১) ও পাঁচপীর নলঘড়িয়া গ্রামের আক্কাছ আলীর ছেলে হালিম (২০)।
জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুপচাঁচিয়া পৌরসভার তিশিগাড়ি এলাকায় একটি পরিত্যক্ত বসতবাড়ির সমানে ফাঁকা রাস্তায় কতিপয় ডাকাত দলের সদস্যরা ডাকাতি করার জন্য সমবেত হয়ে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের একটি দল আনুমানিক রাত দেড়টার দিকে উক্ত স্থানে অভিযান চালান এবং সেখান থেকে ডাকাত দলের চারজন সদস্যকে আটক করেন। এ সময় আরও সাত থেকে আটজন ডাকাত পালিয়ে যান।
এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, দুটি স্লাই রেঞ্জ, দুটি গামছাসহ ১২০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সংক্রান্তে থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তাররা আন্তঃজেলার সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।