× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হান্নান মাসউদের বিরুদ্ধে ‘কোটি টাকা ডিলের’ অভিযোগ, ছাত্রদল নেতার বাড়িতে হামলা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

হান্নান মাসউদের বিরুদ্ধে ‘কোটি টাকা ডিলের’ অভিযোগ, ছাত্রদল নেতার বাড়িতে হামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল গাফফার জিসানের নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্রদল নেতা জিসানের দাবি, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৪ জুন) রাত পৌনে ৯টার দিকে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাগরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় জিসান বাড়িতে না থাকলেও তার বৃদ্ধ বাবা-মা সেখানে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে একটি জানালার কাচ ভেঙে যায়। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার প্রতিবাদে রাতেই সাগরিয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হাতিয়া উপজেলা ছাত্রদল। হামলাকারীদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

জানা গেছে, গত ৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপিতে যোগ দেওয়া গণ অধিকার পরিষদের সাবেক নেতা রাশেদ খাঁনের একটি পোস্ট শেয়ার করেন আব্দুল গাফফার। ওই পোস্টে আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যকে দেশত্যাগে সহায়তার বিষয়ে আবদুল হান্নান মাসউদের সঙ্গে অর্থ লেনদেনের আলোচনা হয়েছিল বলে অভিযোগ করা হয়।

পরবর্তীতে আবদুল হান্নান মাসউদ তার ফেসবুক আইডিতে গাফফারের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের একটি অডিও প্রকাশ করেন, যেখানে গাফফারকে অভিযোগের বিষয়ে ক্ষমা চাইতে শোনা যায়। পরে রাশেদ খাঁন আরও একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে গাফফার দাবি করেন, তিন কোটি টাকার ‘ডিল’ সংক্রান্ত বিষয়টি সত্য ছিল এবং তিনি এতে রাজি হননি।

হামলার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে গাফফার অভিযোগ করেন, সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর কাছ থেকে তিন কোটি টাকা দাবি করার বিষয়টি প্রকাশ্যে আসার জেরে তার বাড়িতে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আমি বাড়িতে থাকি না। বাড়িতে আমার বৃদ্ধ বাবা-মা থাকেন। তাদের কী দোষ ছিল?

এনসিপির হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক মো. সামছু তিব্রিজ অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন, গাফফার কীভাবে নিশ্চিত হলেন এনসিপির কর্মীরাই হামলা করেছে? তিনি নিজেই ঢাকায় বসে এ হামলার নাটক সাজিয়েছেন। তিনি জানান, সংসদ সদস্যের অনুরোধে তিনি দলীয় নেতাদের নিয়ে ওই বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নিয়েছেন।

সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। অন্যদিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি জানালার কাচ ভাঙার সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা