বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
শুক্রবার সকালে বান্দরবানে পর্যটকবাহী চলন্ত গাড়িতে আগুন। প্রবা ফটো
বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকবাহী একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নোহা মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে অল্পের জন্য রক্ষা পেলেন চালকসহ ১১ পর্যটক। শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে বান্দরবান-থানচি সড়কের চিম্বুকের সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর থেকে আসা চালকসহ ১১ জনের একটি পর্যটক দল নীলগিরি পর্যটন কেন্দ্রের উদ্দেশে যাচ্ছিল। পথে সাতমাইল এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় হঠাৎ গাড়িটিতে আগুন লেগে যায়। এ সময় গাড়িতে থাকা পর্যটকরা বের হতে পারলেও মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় গাড়িটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বালানি লিকেজের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।