নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মুন্সি গ্রুপের মিজানুর মুন্সি, ইজাজুল মুন্সি, আজিজুল মুন্সি, হানিফ সরদার, খাজা সরকার ও আজাদ সরদার। অন্যদিকে মোল্যা গ্রুপের আহতরা হলেন- রবিউল ইসলাম, বাচ্চু মোল্যা, রাফেজা বেগম ও সাইদুর সরদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিয়াডাঙ্গা গ্রামে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে মোল্যা গ্রুপ ও মুন্সি গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।