× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চমেক হাসপাতাল

শনিবার থেকে কর্মবিরতি শুরুর হুঁশিয়ারি ইন্টার্ন চিকিৎসকদের

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

শনিবার থেকে কর্মবিরতি শুরুর হুঁশিয়ারি ইন্টার্ন চিকিৎসকদের

দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। 

বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন।

মানববন্ধন শেষে হাসপাতালের পরিচালকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য শুক্রবার রাত পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতি ও জরুরি বিভাগে শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য দেন চমেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন, সাধারণ সম্পাদক জামান মোহাম্মদ নুরশাদ, সহসাধারণ সম্পাদক মীর মুহাম্মদ ওমাইর এবং ইন্টার্ন কল্যাণ সম্পাদক নুসাইবা নুরাইনসহ সংগঠনের অন্যান্য সদস্য।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করে। এসব সিদ্ধান্তের মধ্যে ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে কয়েকটি বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং মেধাভিত্তিক সীমিত ভাতা প্রদানের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

ছয় দফা দাবির মধ্যে রয়েছেÑ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নতুন নির্দেশনা জারি, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়ন। এ ছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন-২০২৫ কে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর এবং ভুয়া চিকিৎসক পরিচয়দানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিএমডিসি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সব ভর্তি পরীক্ষার ফি ১ হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবি জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা