চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক মামলায় জামিনে এসেই মামলার বাদী ও সাক্ষীকে পিটিয়ে জখম করার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের যাত্রাপুর গ্রামে মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা। বক্তারা বলেন, হামলাকারী মাদক ব্যবসায়ী পৌরসভার শ্রীপুর গ্রামের বাবুকে যাত্রাপুর গ্রাম থেকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করলে এসআই মোরশেদ ও এসআই জামাল তাকে চিপা গলিতে নিয়ে ছেড়ে দেয়। তারা অভিযোগ করেন, মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের যোগসাজশ রয়েছে। যার ফলে মামলার পরও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে যেখানে আমরা গ্রামবাসীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি, সেখানে প্রশাসন থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না।
এতে বক্তব্য রাখেনÑ শাখাওয়াত শামীম, শরীফুল ইসলাম, কামরুজ্জামান সোহাগ, এমদাদুল হক সোহেল, সায়েম হোসেন, সিরাজ মিয়া প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেনÑ মোশাররফ হোসেন রানা, জুনায়েদ হোসেন, আলী, হাবিবুর রহমান, মীর হোসেন, আবু রশীদ, এয়াসিন মিয়া, মকবুল আহমেদ, মাছুম বিল্লাহ প্রমুখ।