উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
কক্সবাজারের উখিয়ার মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সশস্ত্র গোষ্ঠির সদস্যদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বিজিবির ৬৪-ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়রা এই গোলাগুলির ঘটনাটি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরএসও) সদস্য বললেও বিজিবির বিজ্ঞপ্তিতে শুধু অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের কথা বলা হয়েছে।
এতে বলা হয়, উখিয়ার পালংখালী এলাকার বাহারপাড়া নামক স্থানের সীমান্তবর্তী নাফ নদের শূন্য লাইনের কাছে মিয়ানমার থেকে জেলের বেশে হঠাৎ নৌকায় কয়েকজন অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের উপস্থিতি লক্ষ্য করা যায়। ওই সময়ে টহলরত ৬৪-বিজিবির বিশেষ দল তাৎক্ষণিকভাবে নাফ নদ সংলগ্ন অবস্থান নেয় এবং অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের ওপর গুলি ছোড়ে।
পরবর্তী সময়ে সশস্ত্র গ্রুপটি কয়েক রাউন্ড গুলি ছুড়ে নৌকা রেখে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল নৌকাটি তল্লাশি করে ১টি জি-থ্রি রাইফেল, ৩টি জি-থ্রি খালি ম্যাগাজিন, ৩টি খালি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, মোবাইল ফোন, সিম, ৪ হাজার ইয়াবা, ১টি জি-থ্রি পোচেসসহ লুঙ্গি, গেঞ্জি, সিগারেট উদ্ধার করে।
এর আগে গত ৩০ মে বিকালে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাব্যিক চর এলাকায় যে সশস্ত্র দলটি অন্য দুজন জেলে বেশধারী রোহিঙ্গার কাছ থেকে গুলি ছুড়ে ইয়াবা ছিনিয়ে নেয়, ওই একই সশস্ত্র দল পালংখালী বিওপির বুধবারের ঘটনায় উপস্থিত ছিল।