সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে ফয়জুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) রাত ১০টায় উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হাসপাতালে মরদেহ ফেলে মাদক নিরাময় কেন্দ্রটিতে তালা দিয়ে কর্তৃপক্ষ পালিয়ে যায়। নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে।
নিহতের স্ত্রী মাসুদা বেগম জানান, তার স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। ঈদের পর দিন তাকে খাবার দিয়ে যান। গত বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন তার স্বামী মৃত অবস্থায় পড়ে আছে। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনেই ফয়জুল মিয়ার মৃত্যু হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, মরদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেÑ নির্যাতনেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।