× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বজ্রপাতে তিন জেলায় ৮ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার কালবৈশাখি ঝড় ও বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারী ও এক কলেজ শিক্ষকসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে পাঁচজন, ময়মনসিংহে দুই এবং বগুড়ার আদমদীঘিতে একজন মারা গেছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলায় বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় আম কুড়াতে গিয়ে মারা গেছেন তিনজন। 

তারা হলেন— চকনরেন্দ্র গ্রামের মাহমুদা আক্তার (৩৫), রানীবাড়ি-বাজারপাড়ার সাদিয়া খাতুন (১০) এবং মোবারকপুর শিকারপুর দক্ষিণপাড়ার মো. মেসবাউল (১৬)। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, বৃষ্টির সময় বাড়ির পাশের আম বাগানে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

এছাড়া সদর উপজেলায় ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকায় মাঠে গরু আনতে গিয়ে মারা গেছেন আব্দুল্লাহ (১৬) নামের এক কিশোর।

অন্যদিকে, নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামে মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুমিয়ারা বেগম (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। শিবগঞ্জের তিন পরিবারকে ইতোমধ্যে ২৫ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। 

ময়মনসিংহে শিক্ষকসহ নিহত ২

ময়মনসিংহের মুক্তাগাছায় বজ্রপাতে এএসএম খালেকুল আজাদ (৫৬) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি গাবতলী ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

উপজেলার রৌয়ারচর গ্রামে নিজ বাড়ির পাশে বৃহস্পতিবার দুপুরে একটি মসজিদ নির্মাণ কাজ তদারকির সময় বৃষ্টি শুরু হলে তিনি আম গাছের নিচে আশ্রয় নেন। সেখানে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সায়েম তানভীর জানান, নির্মাণ কাজ তদারকির সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

এদিকে জেলার গফরগাঁও উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে সিয়াম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার ৫নং পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।

গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, এ ঘটনায় একটা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বগুড়ায় কিশোরের মৃত্যু, আহত মা

বগুড়ার আদমদীঘিতে মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা মনিকা বেগম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

উপজেলার তেঁতুলিয়া গ্রামের একটি মাঠে বৃহস্পতিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রাব্বি হোসনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা