দেশের তিন জেলায় পৃথক ঘটনায় তিন শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। রাজবাড়ী ও ফরিদপুরে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে কুড়িগ্রামের উলিপুরে পাঁচ বছরের এক শিশুকে বলাৎকার করে রক্তাক্ত করার ঘটনায় এক কিশোরকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। প্রতিবেদকদের খবর
আরও পড়ুন: চট্টগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ দোকানি পুলিশ হেফাজতে |
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চৈতারকোল গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রেজাউল প্রামাণিক (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, শিশুটিকে চকলেট ও ঘৃতকুমারী গাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটির চিৎকারে অভিযুক্ত পালিয়ে যায়। বুধবার (৩ জুন) শিশুটির মা সদরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। স্থানীয়দের দাবি, অভিযুক্ত এর আগেও এ ধরনের ঘটনায় জড়িত ছিল। সদরপুর থানার উপপরিদর্শক মোখলেছুর রহমান জানান, অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এদিকে কুড়িগ্রামের উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে বলাৎকার করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। গত মঙ্গলবার শিশুটিকে নির্মাণাধীন একটি কক্ষে নিয়ে এ ঘটনা ঘটানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। গুরুতর আহত শিশুটি বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসী অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাকে আদালতে পাঠায়।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং আটক কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার আপন ফুপা মাসুদ মণ্ডলের (৪০) বিরুদ্ধে। গত বুধবার (২৭ মে) বিকালে ঘটনাটি ঘটে।
পরিবারের অভিযোগ, শিশুটির মা বাড়ির বাইরে থাকাকালে অভিযুক্ত তাকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুর চিৎকার শুনে মা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তিনি পালিয়ে যান। গত মঙ্গলবার শিশুটির মা রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।