বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ৮ ঘণ্টা আগে
আপডেট : ৮ ঘণ্টা আগে
বরগুনায় ডাকবাংলো থেকে ২ শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলা থেকে এক নারী ও তার দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার একটি কক্ষ থেকে বুধবার বিকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহত নারী বরগুনা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের শহরের কালিবাড়ী এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রানী (৩৪) ও তার দুই কন্যা সন্তান আরাধা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাস (৪)। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিজের স্ত্রী ও সন্তানদের শনাক্ত করেছেন দুলাল চন্দ্র বিশ্বাস। স্মৃতি রানী জেলা পরিষদ ডাকবাংলোতে খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন বলে জানায় তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে ডাকবাংলোর অন্যান্য কর্মচারীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বরগুনা থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
নিহতের স্বজন গোবিন্দ্র সরকার বলেন, “ইতি রাণী প্রতিদিনের মতো কর্মস্থলে ছিলেন। দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ তৈরি হয়। পরে তার ও দুই সন্তানের মৃত্যুর খবর পেয়ে আমরা হতবাক হয়ে যাই”।
ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে ঘুমের ওষুধ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।
জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা চলছে”।
বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, “মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে”।