কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলম। প্রবা ফটো
কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমের সঙ্গে এক নারী কারারক্ষীর কথিত ব্যক্তিগত ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে স্ট্যান্ড রিলিজ করে বদলি করা হয়েছে।
বুধবার (৩ জুন) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. দিদারুল আলমকে কিশোরগঞ্জ জেলা কারাগারের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র-এ কারা প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে দ্রুত বর্তমান কর্মস্থল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
একই আদেশে চট্টগ্রাম কারাগারের হসপিটালাইজড প্রিজনার্স সিকিউরিটি ইউনিটের কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল করিমকে কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে জেল সুপার ও একই কারাগারের এক নারী কারারক্ষীর মধ্যে ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয় নিয়ে কথোপকথন শোনা যায়। অডিওটি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া অডিওতে জেল সুপারকে নারী কারারক্ষীর সঙ্গে ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা যায়। কথোপকথনের শুরুতে তিনি জানতে চান, তুমি এখন একা রুমে? জবাবে নারী কারারক্ষী বলেন, জ্বি স্যার। একপর্যায়ে জেল সুপার ওই নারী কারারক্ষী ও তার সহকর্মী রোজিনাকে আগামী সপ্তাহে একটি রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। তিনি বলেন, তোমরা আগে চলে যাবা, পরে আমি আসবো। তবে নারী কারারক্ষী বাইরে খেতে অনাগ্রহ প্রকাশ করলে তিনি বিভিন্ন ধরনের খাবারের প্রসঙ্গ তোলেন এবং শেষ পর্যন্ত বলেন, তাইলে এমনিই যাবা, আমাকে খাওয়াবা।
অডিওর এক পর্যায়ে জেল সুপার বলেন, রোজিনা কি তোমাকে জিজ্ঞাসা করেছে, আমি তোমাকে আবার ফোন দিয়েছিলাম কিনা? জবাবে নারী কারারক্ষী বলেন, না স্যার। এরপর তিনি জানতে চান, তোমার সঙ্গে আমার ব্যাপারে ওইসব জানে না তো? নারী কারারক্ষীও জবাবে বলেন, না স্যার।
সবশেষে জেল সুপারকে বলতে শোনা যায়, না জানাই ভালো। তুমি আর আমি জানবো। আমাদের নিজেদের বিষয়গুলো যেন তৃতীয় ব্যক্তি না জানে।
কারা অধিদপ্তরের সূত্র জানায়, প্রশাসনিক শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাৎক্ষণিকভাবে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।