× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্টমার্টিনে সরকারি নির্দেশনা অমান্য করে নতুন স্থাপনা নির্মাণের অভিযোগ

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ৮ ঘণ্টা আগে

আপডেট : ৮ ঘণ্টা আগে

সেন্টমার্টিনে সরকারি নির্দেশনা অমান্য করে নতুন স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে সরকারি নির্দেশনা অমান্য করে নতুন করে হোটেল ও রেস্তোরাঁ নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেন্টমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকায় সৈকতসংলগ্ন পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের পাশেই ‘সান অ্যান্ড স্যান্ড টুইন বিচ রিসোর্ট’-এর অধীনে তিনতলা ফাউন্ডেশনবিশিষ্ট একটি রেস্তোরাঁ ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: সেন্টমার্টিন দ্বীপে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন। তিনি বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, গলাচিপা এলাকায় নতুন একটি হোটেল ভবন নির্মাণের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। পরে প্রশাসনের সহযোগিতায় নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। নির্মাণসামগ্রী কোথা থেকে এসেছে এবং সরকারি উন্নয়ন প্রকল্পের মালামাল বিক্রির কোনো ঘটনা ঘটেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগের বিষয়ে ‘সান অ্যান্ড স্যান্ড টুইন বিচ রিসোর্ট’-এর পরিচালক ইব্রাহীম খলিল দাবি করেন, এটি নতুন কোনো নির্মাণকাজ নয়; আগের চলমান কাজ। অর্থসংকটের কারণে বর্তমানে কাজ বন্ধ রয়েছে। তবে নির্মাণকাজের অনুমোদন ছিল কি না, এ প্রশ্নের জবাব না দিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

কক্সবাজারভিত্তিক পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি- ইয়েস-এর প্রধান নির্বাহী এম. ইব্রাহিম খলিল মামুন বলেন, প্রশাসনের কার্যকর তদারকির অভাবে দ্বীপে নতুন দালানকোঠা নির্মাণ হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এভাবে চলতে থাকলে সেন্টমার্টিন তার প্রাকৃতিক বৈশিষ্ট্য হারাবে।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনিক চৌধুরী বলেন, সেন্টমার্টিনে নতুন করে হোটেল-রেস্তোরাঁ নির্মাণের কোনো সুযোগ নেই। সম্প্রতি একটি হোটেলের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং নতুন স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সুপ্রিম কোর্টে দায়ের করা এক রিটের পর ২০১১ সালে সেন্টমার্টিনে নতুন পাকা স্থাপনা নির্মাণ বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত এ দ্বীপে নতুন কোনো স্থাপনা নির্মাণের অনুমতি বা সুযোগ নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা