পুশইনের চেষ্টা
বেনাপোল (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৬:১১ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬ ১৭:৫৯ পিএম
শূন্যরেখায় রাখা ১২ জন নারী, পুরুষ ও শিশুকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে কাঁটাতারের বেড়া খুলে জোরপূর্বক পুশইন করা ১০ থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশুকে শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বুধবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “গত রবিবার রাতে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় তাদের সীমান্ত লাইটগুলো বন্ধ করে দেয়। সেটা দেখার পর আমাদের আশংকা হয় ভারত থেকে পুশইনের চেষ্টা হতে পারে। আমরা এক পর্যায়ে দেখতে পারি ১০০ থেকে ১২০ জন মানুষকে তারা গাড়ি থেকে নামিয়েছে। এরপর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়। তারপরেও তারা কাঁটাতারের বেড়া খুলে ১০ থেকে ১২ জনকে বের করে দেয়। সেই ১০-১২ জন মানুষ জিরোর লাইনের ভারত সীমান্তে ১০০ থেকে ১৫০ গজ দূরে অবস্থান করে। তাদেরকে আমরা কোনভাবেই আমাদের সীমান্তে আসতে দেওয়া হয়নি”।
সাইফুল আলম বলেন, “বুধবার সকাল থেকে তাদেরকে দেখা যাচ্ছে না। হয়তোবা তাদেরকে শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে। বর্তমানে সীমান্তের ওই এলাকায় স্বাভাবিক টহল চলছে”।
বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) এসব নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশি নাগরিক দাবি করে কোনো ধরনের দ্বিপক্ষীয় নিয়ম-নীতি অনুসরণ না করেই বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। এরপর তারা সীমান্তের শূন্যরেখায় আটকে পড়েন তারা। তবে আটকে থাকা নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশি নাগরিক-এমন কোনো গ্রহণযোগ্য প্রমাণপত্র বা তথ্য না পাওয়ায় তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।