দিনাজপুর সংবাদদাতা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১২:৪৮ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ১৩:৫৩ পিএম
দিনাজপুরে ক্রেতা-বিক্রেতা আর দর্শনার্থীর ভিড়ে জমে উঠেছে তিন দিনব্যাপী উদ্যোক্তাদের মহোৎসব। ছবি : প্রবা
বাহারি পোশাক, প্রসাধনী ও পণ্যের নজরকাড়া কালেকশন নিয়ে দিনাজপুরে ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীর ভিড়ে জমে উঠেছে উদ্যোক্তাদের মহোৎসব।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে উদ্যোক্তাদের দ্বিতীয় মহোৎসবের উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান।
দিনাজপুর উদ্যোক্তা বর্গের প্রধান উপদেষ্টা সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিন্নাহ আল মামুন ও দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসি বাচ্চু।
তিন দিনব্যাপী উৎসবে স্থান পেয়েছে উদ্যোক্তাদের ৫২টি স্টল। আয়োজক দিনাজপুর উদ্যোক্তা বর্গের অ্যাডমিন সম্পা দাস মৌ বলেন, ‘আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য এবং উদ্যোক্তাদের প্রতিভা তুলে ধরতে মূলত এ উৎসবের আয়োজন।’
উৎসব দেখতে আসা মোনালিসা বলেন, ‘এ ধরনের উৎসব আরও বেশি বেশি প্রয়োজন। যেমন নতুন কালেকশন আছে, তেমনি প্রতিভার প্রসার ঘটেছে উৎসবে।’
তিন দিনব্যাপী এ মহোৎসবে প্রতিদিন বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। উদ্যোক্তাদের দ্বিতীয় এ মহোৎসবের পর্দা নামবে আজ (৩১ ডিসেম্বর) রাত ৮ টায়।