কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২ ২০:০০ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২ ২১:০২ পিএম
কুমিল্লায় শিক্ষক সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি : প্রবা
উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে বাংলাদেশ অনুকরণীয় অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, উন্নয়নের দিক থেকে বিশ্বের রোল মডেল হিসেবে অনুকরণীয় অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। শিক্ষার গুণগত মান আন্তর্জাতিক মানের করতে সহায়তা দিয়ে যাচ্ছে সরকার। সঠিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সোনালি মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাবেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার গুণগত মানকে আন্তর্জাতিক মানের করতে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে সরকার। তাই আপনাদের সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সোনালি মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কারণ এরই মধ্যে শেখ হাসিনার সরকার দেশের সব ক্ষেত্রে ডিজিটালাইজেশন নিশ্চিত করতে কাজ শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক ও ইমামদের নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব (জননিরাপত্তা বিভাগ) মো. আমিনুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান। এ ছাড়া স্থানীয় সব জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা, উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষক এবং মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।
শিক্ষক সমাবেশ শেষে উপজেলা পরিষদ জামে মসজিদ, উপজেলা ডাক বাংলো, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের উদ্বোধন ও বৃক্ষ রোপণ করেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।