ছুরিকাঘাতে আহত কাজী আহমেদ আশ্রাফী নাবিল। ফাইল ছবি
ফেনীর ছাগলনাইয়ায় পরীক্ষার হলে খাতা না দেখানোকে কেন্দ্র করে এক পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
জেলার বাংলা বাজার ছলেমা নজির উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত পরীক্ষার্থীর নাম কাজী আহমেদ আশ্রাফী নাবিল। তিনি হরিপুর আলি আকবর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও মোটবী ইউনিয়ন বেত্রাবাগ শিলুয়া বাড়ির কাজী নুরুল আবছার রিপনের ছেলে।
অভিযুক্ত রাকিব হোসেন একই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী। তিনি গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার বাড়ি পাঠাননগর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামে। তিনি খন্দকার বাড়ির হেলাল মিয়ার ছেলে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
আহত কাজী আহমেদ আশ্রাফী নাবিল জানান, পরীক্ষার হলে তার পেছনের বেঞ্চে সিট পড়ে রাকিবের। প্রথম পরীক্ষার দিন তিনি খাতা দেখতে চাইলে আশ্রাফী দেখাতে রাজি হননি। এ নিয়ে ওইদিন পরীক্ষাকেন্দ্রের বাইরে ক্ষোভ দেখিয়ে তাকে গালিগালাজ করে রাকিব।
ভুক্তভোগী শিক্ষার্থী আরও জানান, রবিবার ছিল পরীক্ষার শেষ দিন। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর রাকিবসহ ৭/৮ জন ছেলে তাকে প্রথমে মারধর এবং পরে ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে বাংলা বাজার এবং পরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
আশ্রাফীর মা নার্গিস আক্তারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যার উদ্দেশে এ হামলা চালানো হয়েছে। ঘটনার বিচার ও অভিযুক্তদের শাস্তি দাবি করেন তিনি।
ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।