বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ২০:১৪ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২ ২০:৪২ পিএম
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে উদ্ধার মৃত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম সুমন কুমার কুণ্ডু।
সুমন আদমদীঘি উপজেলার বিহিগ্রামের মৃত সুনিল কুমারের ছেলে। তবে পরিবারসহ শহরের কালিতলা এলাকার বেনুকুণ্ঠ লেনে থাকতেন।
একসময় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন সুমন। বিষাক্ত পানীয় পান করার কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ।
তিনি বলেন, মরদেহ উদ্ধারের সময় একটি পানির বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনে খেলার মাঠ থেকে সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এক জোড়া স্যান্ডেল, লাইটার, সিগারেট ও একটি পানির বোতল পাওয়া যায়। পানির ওই বোতল দেখে এবং গন্ধ শুঁকে বিষাক্ত পানীয় বলে সন্দেহ করে পুলিশ। সে সময় পুলিশ জানিয়েছিল মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ জানিয়েছে সুমনের বয়স হয়েছিল ৪৫ বছর।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবু কুমার সাহা জানান, সুমনের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহ ময়নাতদন্তের পর সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।