রাজশাহী সংবাদদাতা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ১৫:৫৬ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২ ১৬:৪৯ পিএম
ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ছবি : প্রবা
রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার নন্দনপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকাল থেকে নন্দনপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট চলছে। দুপুরে হেলমেট পরা একদল যুবক কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তারা অন্তত চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম আরও জানান, ককটেল বিস্ফোরণের পর ১৫-২০ মিনিটের মতো ভোট গ্রহণ স্থগিত থাকে। ঘটনাস্থলে র্যাব ও বিজিবির টহল সদস্য বৃদ্ধি করা হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে একই কেন্দ্রে বিশৃঙ্খলা করায় দুজনকে আটক করে পুলিশ।
পুলিশ কর্মকর্তা রাজিবুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে কেউ এ কাজ করে থাকতে পারে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’