নরসিংদী সংবাদদাতা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ১৭:১৭ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২ ১৭:৪০ পিএম
ভেকু মেশিনের সামনে শ্রমিকের মরদেহ। ছবি : প্রবা
নরসিংদীর পলাশ উপজেলায় ভেকু মেশিনের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার পর বাহনটির চালককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু ফকির পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
ডাঙ্গা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) খাইরুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশে বের হন বাচ্চু ফকির। ডাঙ্গা বাজারে সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ভেকু মেশিন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভেকুচালককে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
এএসআই খাইরুল জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভাকুচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।