গাজীপুর সংবাদদাতা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ১১:০৭ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২ ১১:২৮ এএম
নিয়ন্ত্রণে আনা হয় ঝুট গোডাউনের আগুন। প্রবা ফটো
গাজীপুর মহানগরের দেউলিয়াবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
তিনি বলেন, বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ীর রাসেল সরকারের মালিকানাধীন ঝুট গোডাউনে আগুন দেখতে পায়। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টা পর সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহতও হয়নি।