ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ১৭:৫০ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২ ২১:৫৫ পিএম
ঠাকুরগাঁওয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের গণবিয়ে। ছবি : প্রবা
এক আসরে বিয়ের পিঁড়িতে বসেছেন ৪৮ জন নারী-পুরুষ। তারা সবাই খ্রিস্ট ধর্মাবলম্বী।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ক্যাথলিক চার্চে এ গণবিয়ের আয়োজন করা হয়।
খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মতে, এমন গণ বিয়ের আয়োজনকে সাকরামেন্ট হিসেবে দেখা হয়। মানে ‘ধর্ম সংস্কার’। প্রতি বছর বড়দিনের (২৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকতা শেষে এমন বিয়ের আয়োজন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা।
রুহিয়া ক্যাথলিক চার্চে গণবিয়েতে যুগলবন্দি হয়েছেন হৃদয় ও আলবাট। হৃদয় জানান, পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবে পেয়ে আনন্দিত। দাম্পত্য জীবনে সুখ শান্তি কামনা করেছেন তারা।
বিয়ে দেখতে এসেছেন মার্থা সেন। তিনি বলেন, ‘অনেকেই এই বিয়ে দেখতে জড়ো হয়েছেন। দম্পতিদের সুখ ও সমৃদ্ধি কামনা আমরা প্রার্থনা করেছি।’
রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মযাজক ফাদার অ্যান্থনী সেন বলেন, ‘খ্রিস্টানদের বিয়েতে যৌতুক প্রথা নেই। ছেলে-মেয়েরা বিভিন্ন জায়গায় চাকরি ও কর্মস্থলে থাকলেও বড়দিনে সবাই একত্রিত হয়। যে কারণে বডদিনের পর দিন ২৬ ডিসেম্বর গায়ে হলুদসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা চলে। পর দিন ২৭ ডিসেম্বর আয়োজন করা হয় বিয়ের।’
তিনি বলেন, ‘এবার ২৪ জোড়া বিয়ে সম্পন্ন করা হয়েছে। তারা সবাই ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।’