রাজশাহী সংবাদদাতা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১৯:৪৪ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২ ২০:৩৫ পিএম
ট্রান্সজেন্ডার সুলতানা আহমেদ সাগরিকা (বাঁয়ে) ও আবু হাসনা পলি। ছবি ও কোলাজ : প্রবা
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সংরক্ষিত নারী কাউন্সিলর হতে চান দুইজন ট্রান্সজেন্ডার। যদিও সিটি নির্বাচনের এখনো আট মাস বাকি। এখনই নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা। এ জন্য শহরজুড়ে টানিয়েছেন রঙিন পোস্টার।
নির্বাচনে আগ্রহী এ দুই ট্রান্সজেন্ডার হলেন সুলতানা আহমেদ সাগরিকা ও আবু হাসনা পলি। সাগরিকা ‘দিনের আলো হিজড়া সংঘের’ সাধারণ সম্পাদক ও পলি যুগ্ম সাধারণ সম্পাদক। নির্বাচনে লড়তে তারা রাজশাহীতে দীর্ঘ দিন ধরে ট্রান্সজেন্ডার সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। এই জনগোষ্ঠীকে সমাজের সম্পদ হিসেবে গড়ে তুলতে এবং সমাজে বৈষম্য দূর করতে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তারা।
রাজশাহী সিটি করপোরেশের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচনে লড়তে চান সুলতানা আহমেদ সাগরিকা এবং নগরীর ১, ২ ও ৪ নম্বর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচনে লড়তে চান আবু হাসনা পলি।
পলি তার পোস্টারে লিখেছেন, ১, ২ ও ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সহযোগীতা চাই সেবা ও উন্নয়নের লক্ষ্যে। সাগরিকা তার পোস্টারে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
পলি রাজশাহীতে ‘জয়িতা পলি’ হিসেবে পরিচিত। তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পাভ পদকপ্রাপ্ত। মানবিক যোদ্ধা পদক এবং জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড উইমেন্স অ্যাওয়ার্ডসহ বহু পদক রয়েছে তার ঝুলিতে। পলি নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছেন উত্তরণ কালু পল্লী নামে একটি প্রতিষ্ঠান। সেখানে প্রায় ৪০০ নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। এ ছাড়া তিনি সেলাই, বাটিক ও বুটিক প্রশিক্ষণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানে দীর্ঘ দিন ধরে উদ্বুদ্ধ করে আসছেন।
সাগরিকা ২০০২ সাল থেকে বিভিন্ন এনজিওর হয়ে রাজশাহীতে কাজ করে আসছেন। তিনি সমাজের বিভিন্ন পর্যায়ের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে চলেছেন।
নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের ব্যাপারে আবু হাসনা পলি বলেন, ‘আমাদের সংসার নেই। মরে গেলে আমাদের যে কেউ মনে রাখবে বা দোয়া করবে এমন কেউও নেই। সমাজে আমাদের বিষয়ে বিরূপ ধারণা আছে। আমরা চাচ্ছি মানুষের সেবা করার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে। সেই সঙ্গে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর প্রতি সমাজের ধারণার পরিবর্তন ঘটাতে। আমরা সমাজ ও রাষ্ট্রের সম্পদ। সুযোগ দিলে সবাইকে নিয়ে সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।’
সাগরিকাও বলছেন একই কথা। ‘সমাজের কোনো একটি অংশকে পিছিয়ে রেখে পুরো সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীকেও দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। সমাজকে সহযোগীতা করতে হবে এ জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে।’
এ ব্যাপারে ‘দিনের আলে হিজড়া সংঘের’ সভাপতি মোহনা বলেন, ‘আমি সংগঠনের পক্ষ থেকে সাগরিকা ও পলিকে সিটি করপোরশনের আসন্ন নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ করেছি। এটা হলে সিটি করপোরশনে আমাদের প্রতিনিধি থাকবে। সমাজে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর প্রতি বৈষম্য মোচনে ভূমিকা রাখা যাবে। ট্রান্সজেন্ডারদের অবহেলা না করে কাজে লাগাতে পারলে তারা দেশের সম্পদে পরিণত হবে।’