রংপুর ব্যুরো
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১৮:৩৪ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২ ১৮:৪৫ পিএম
লালটু মিয়া। ছবি : প্রবা
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটের আগের দিন প্রিজাইডিং অফিসার পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক লালটু মিয়ার (২৮) বাড়ি ঝিনাইদহ জেলায়।
সিটির মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ৩৩ নম্বর ওয়ার্ডের মন্দিরা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদের কাছে লালটু মিয়া বেশ কিছুদিন ধরে প্রিজাইডিং অফিসার পরিচয় দিয়ে আসছেন এবং অর্থের বিনিময়ে ভোটে সুবিধা দেওয়ার প্রলোভন দেখাচ্ছেন। লালটু মিয়ার আচারণে সন্দেহ হলে কাউন্সিলর প্রার্থী সুলতান বিষয়টি মাহিগঞ্জ থানায় জানান। পরে পুলিশের পাতানো ফাঁদে পা দিয়ে লালটু সুলতানের কাছে টাকা নিতে এসে আটক হন।
ওসি বলেন, ‘কাউন্সিলর প্রার্থী সুলতান আমাদের ভুয়া প্রিজাইডিং অফিসারের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লালটু মিয়াকে আটক করি। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’