ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১০:৪০ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২ ১১:৩৯ এএম
ইমামুল মোল্লা ও আবদুর রহিম মোল্লাকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : প্রবা
ফরিদপুরের সালথা উপজেলায় ফাঁদ পেতে পাখি শিকারের দায়ে মো. ইমামুল মোল্লা ও আবদুর রহিম মোল্লা নামে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ূবী এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত ইমামুল মোল্লা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের মো. মাজেদ মোল্লার ছেলে এবং আবদুর রহিম একই গ্রামের ছাদেক মোল্লার ছেলে।
সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জানান, উপজেলার ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া মাঠে ফাঁদ পেতে পাখি শিকার করছিলেন ইমামুল মোল্লা ও রহিম মোল্লা। এ সময় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশের একটি টিম গিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের কাছ থেকে ৫টি জীবিত অতিথি পাখি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ূবী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দেন।
এ বিষয়ে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ূবী বলেন, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। অতিথি পাখি শিকারের দায়ে ইমামুল মোল্লা ও রহিম মোল্লাকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আর উদ্ধার হওয়া পাখিগুলো অবমুক্ত করা হয়।